বার্তা সংস্থা আবনা : সিরিয়ার আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরাহ ফ্রন্টের প্রধান কমান্ডার আবু ওমর নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
রোববার সরকারি বাহিনী এক সাঁড়াশি অভিযান চালিয়ে আল-কুসাইরের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। শহরটি কৌশলগত হওয়ার কারণে এটির দখল থাকা না থাকার ওপর সিরিয়ার চলমান সংঘর্ষের ভবিষ্যত অনেকাংশে নির্ভর করছে। শহরটিতে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। এর আগে, সোমবার কোনো কোনো সূত্র থেকে বলা হয়েছিল- শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী তবে আজ বলা হয়েছে, শহরটির শতকরা ৭০ ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে প্রেসিডেন্ট বাশার আসাদের সেনারা।
সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, আজ মঙ্গলবারও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহুসংখ্যক বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে।
কয়েক সপ্তাহ লড়াইয়ের পর গত ১৯ মে সিরিয়ার সরকারি সেনারা অন্তত তিন দিক থেকে এ শহরে ঢোকে। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে আল-কুসাইর শহরে সেনা অভিযানে একশ’র বেশি বিদ্রোহী মারা গেছে।