২৩ মে ২০১৩ - ১৯:৩০
আবারো ইরান-বিরোধী আইন পাস করলো আমেরিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো একটি আইন পাস করেছে আমেরিকা।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো একটি আইন পাস করেছে আমেরিকা। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে গতকাল এ আইন পাস হয়েছে।

ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞা জোরদার করার জন্য নতুন এ আইন পাস করা হলো। ইরানের গাড়ি ও খনি শিল্প এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এ আইনের মূল্য লক্ষ্য। নতুন এ আইনে মার্কিন প্রেসিডেন্টকে অন্য খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও ক্ষমতা দেয়া হয়েছে। তবে, এতে ইরানের জ্বালানি খাতই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করছেন মার্কিন আইন প্রণেতারা।

নতুন আইন অনুযায়ী, ইরানের বৈদেশিক মুদ্রার বিষয়ে যেসব দেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া যাবে।

অবশ্য, এ আইন কার্যকর করতে গেলে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হতে এবং তারপর সিনেটের অনুমোদন লাগবে। সিনেট অনুমোদন করলে প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে সই করবেন এবং তখন থেকে তা কার্যকর হবে।