বার্তা সংস্থা আবনা : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আসন্ন জেনেভা সম্মেলনে যোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে সিরিয় সরকার। এ সম্মেলনে সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করা হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ (শুক্রবার) বলেছেন, সিরিয়ার চলমান সংকট সে দেশ ও সমগ্র অঞ্চলকে ধ্বংস করছে; এ সংকট নিরসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার স্বার্থে আসাদ সরকার জেনেভা সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছে। সিরিয়ার এ পদক্ষেপে রাশিয়া সন্তুষ্ট বলে তিনি জানান।
রাশিয়া ও আমেরিকা গত ৭ মে মস্কোয় সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য জেনেভায় সম্মেলন করার সিদ্ধান্ত নেয়। আগামী মাসে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে। গত বছরের জুনে সিরিয়া নিয়ে জেনেভায় যে সম্মেলন হয়েছিল তারই ধারাবাহিকতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আগামী ১০ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে। এ বিষয়ে রুশ কূটনীতিবিদ লুকাশেভিচ বলেন, সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো নানা মতে বিভক্ত। তাদের পক্ষ থেকে জেনেভা সম্মেলনে কে কথা বলবেন তা উল্লেখ না করে প্রচারিত কোনো খবরকে গুরুত্বের সঙ্গে নেয়া যায় না।
ন্যাশনাল কোয়ালিশন নামে পরিচিত সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিরোধী দল দ্বিতীয় দিনের মতো জেনেভা-২ সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে বৈঠক করছে। এ সম্মেলনের আগে নিজেদের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার স্বার্থে এ গোষ্ঠী একজন নেতা নির্বাচনেও বেশ হিমশিম খাচ্ছে।