২৭ মে ২০১৩ - ১৯:৩০
অস্ত্র ব্যবসায় নামছে জাপান; প্রথম ক্রেতা ভারত

জাপানের কাছ থেকে সামরিক বিমান কিনতে যাচ্ছে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জাপান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হতে পারে।

বার্তা সংস্থা আবনা : জাপানের কাছ থেকে সামরিক বিমান কিনতে যাচ্ছে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জাপান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হতে পারে। ১৯৬৭ সালে সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর জাপানের স্ব-আরোপিত নিষেধাজ্ঞার পর এই প্রথম দেশটি কোনো পূর্ণাঙ্গ সামরিক পণ্য রপ্তানি করতে যাচ্ছে। আজ থেকে জাপানে চার দিনের সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জাপানের নিকি বিজনেস ডেইলি এসব তথ্য দিয়েছে।

বলা হচ্ছে, জাপান ভারতের কাছে ইউএস-টু মডেলের যে সামরিক বিমান বিক্রি করতে যাচ্ছে, তা বেসামরিক কাজে ব্যবহার করা হবে। জাপানি কর্মকর্তারা দাবি করেছেন, সামরিক বিমানে শত্রু-মিত্র নির্ণায়ক যে ব্যবস্থা রয়েছে, তা অচল করে দিলেই বিমানগুলো বেসামরিক বিমানে পরিণত হবে। কিন্তু বিমানগুলো কেনার পর ভারত যে সেই ব্যবস্থা আবারো সচল করবে না, সে বিষয়ে নিশ্চয়তার বিষয়টি অস্পষ্ট । ইউএস-টু বিমানটি স্থলে ও পানিতে অবতরণে সক্ষম।

২০১১ সালে জাপান অস্ত্র রপ্তানির ওপর স্ব-আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করতেই এ পদক্ষেপ নেয় টোকিও। এরপর কিছু সামরিক প্রযুক্তি ও যন্ত্রাংশ বিক্রি করলেও ভারতকে দিয়েই পূর্ণাঙ্গ সামরিক পণ্য রপ্তানি শুরু করতে যাচ্ছে জাপান। এশিয়ার শক্তিধর দেশ চীনকে নিজেদের জন্য অভিন্ন হুমকি হিসেবে বিবেচনা করছে টোকিও এবং নয়াদিল্লি।