বার্তা সংস্থা আবনা : জাপানের ওকিনাওয়া দ্বীপে একটি মার্কিন এফ-১৫ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। চীনা সরকারি বার্তা সংস্থা শিনহুয়া এ খবর দিয়েছে।
জাপানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল নয়টার দিকে ওই জঙ্গিবিমান বিধ্বস্ত হয় বলে মার্কিন সেনারা জানিয়েছে। বিমানটি বিধ্বস্ত হয় ওকিনাওয়া শহরের একশ’ কিলোমিটার পূর্বে। এ সময় আরো তিনটি বিমান প্রশিক্ষণ নিচ্ছিল তবে সেগুলো নিরাপদে ফিরে যায় ঘাঁটিতে।
খবরে বলা হয়েছে- বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনাস্থলে জাপান একটি টহল বিমান ও কয়েকটি নৌযান পাঠিয়েছে।
জাপান মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহিদে সোগা জানিয়েছে, মার্কিন জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার কথা তার সরকার জানে এবং এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে, ২০০৬ সালে জাপানের এ এলাকায় আরেকটি মার্কিন জঙ্গিবিমান ধ্বংস হয়েছিল।
জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যখন মারাত্মক সামরিক উত্তেজনা চলছে তখন এ ঘটনা ঘটলো। আঞ্চলিক এ সামরিক উত্তেজনায় অবশ্য আমেরিকাও জড়িয়ে পড়েছে। গত কিছু দিন ধরে দেশগুলোর মধ্যে অনেকটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর মধ্যেই মার্কিন জঙ্গিবিমান বিধ্বস্ত হলো।