৩০ মে ২০১৩ - ০৫:১৫
সিরিয়ায় কোনো যোদ্ধা পাঠায়নি ইরান : আরাকচি

সিরিয়ায় ইরান যোদ্ধা পাঠিয়েছে বলে একটি মার্কিন দৈনিক যে খবর দিয়েছে তেহরান তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় ইরান যোদ্ধা পাঠিয়েছে বলে একটি মার্কিন দৈনিক যে খবর দিয়েছে তেহরান তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি বলেছেন, আসন্ন জেনেভা সম্মেলনে যাতে সিরিয়ার ব্যাপারে কোনো রাজনৈতিক সমাধানে পৌঁছানো না যায় সে লক্ষ্যে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গত ২৬ মে এক প্রতিবেদনে দাবি করেছে, ইরান সিরিয়ায় সামরিক ট্রেনিং ক্যাম্প স্থাপন করেছে এবং দেশটিতে কথিত 'শিয়া যোদ্ধা' পাঠাচ্ছে।

প্রতিবেদনে আরো দাবি করা হয়, সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য দেশটিতে 'ইরানের নিরাপত্তা বাহিনী'র পাশাপাশি লেবাননের হিযবুল্লাহ এবং ইরাকের 'শিয়া মিলিশিয়ারা' প্রবেশ করেছে।

ওই ভিত্তিহীন প্রতিবেদনের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ যখন সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের লক্ষ্যে তেহরানে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, ঠিক তখন এ ধরনের ভিত্তিহীন দাবির উদ্দেশ্য উপলব্ধি করা কঠিন কোনো কাজ নয়।

তিনি আরো বলেন, আগামী মাসে অনুষ্ঠেয় জেনেভা সম্মেলনের আগ মুহূর্তে ইরানের বিরুদ্ধে মার্কিন গণমাধ্যমের এ দাবিও লক্ষ্যনীয়। ওই সম্মেলনে ইরানের অংশগ্রহণের দাবি জোরদার হওয়ার পর এ প্রতিবেদন প্রকাশ করা হলো বলে আরাকচি উল্লেখ করেন।

আব্বাস আরাকচি একইসঙ্গে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের ওপর থেকে ইউরোপের অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের তীব্র নিন্দা জানান।

সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য বুধবার তেহরানে অনুষ্ঠিত হয় এক আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের ৪০টি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন।

একদিনের এ সম্মেলনে অংশগ্রহণকারীরা সিরিয়ায় সব ধরনের সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সেদেশের সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।