৩০ মে ২০১৩ - ১৯:৩০
সিরিয়ার বিরোধীজোট যোগ দেবে না জেনেভা সম্মেলনে

অবশেষে পশ্চিমা সমর্থিত সিরিয়ার কথিত বিরোধীজোট জেনেভা সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

বার্তা সংস্থা আবনা : অবশেষে পশ্চিমা সমর্থিত সিরিয়ার কথিত বিরোধীজোট জেনেভা সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তুরস্কের ইস্তাম্বুল শহরে টানা কয়েকদিনের বৈঠক শেষে আজ এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন কথিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র প্রধান জর্জ সাবরা। খ্রিস্টান এ নেতা দাবি করেন, বাশার আল-আসাদ সরকারের চলমান রক্তপাতের মধ্যে জেনেভা সম্মেলনে অংশ নেয়ার কোনো অর্থ হয় না।

অন্যদিকে, সিরিয়ার সরকার ঘোষণা করেছে তারা সম্মেলনে যোগ দেবে। গত ২৬ মে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম প্রেসিডেন্ট বাশার আসাদের পক্ষে এ ঘোষণা দেন। তিনি বলেছেন, আসন্ন জেনেভা সম্মেলনে নেয়া যেকোনো সিদ্ধান্ত সম্পর্কে জনমত যাচাইয়ের জন্য গণভোট দেয়া হবে।

এদিকে, জেনেভা সম্মেলনে এসএনসি অংশ না নিলে পশ্চিমারা এর কার্যকারিত নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে সম্মেলন আদৌ সফল হবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন দেখা দিল।