বার্তা সংস্থা আবনা : সিরিয়ার কৌশলগত কুসাইর শহরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পেতে রাখা বিস্ফোরকগুলো অকেজো করে দেয়ার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। এ ছাড়া, সেখানে বিদ্রোহীদের নির্মূল অভিযানও অব্যাহত রয়েছে।
বিদ্রোহীদের ব্যবহৃত দুইশ’র বেশি পিকআপ ট্রাক এ শহরে ফেলে গেছে। এ গুলোকে কুসাইরের উত্তরে একটি গ্রামে কাছে জড়ো করে রাখা হয়েছে। সরকারি বাহিনী দ্রুত শহরটির জীবন যাত্রা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রক্তক্ষয়ী সংঘর্ষের পর গতকাল সিরিয়ার সরকারি বাহিনী এ শহর দখল করে নেয় এবং বিদেশি মদদপুষ্ট বাহিনী তাদের শোচনীয় পরাজয়ের কথা স্বীকার করে।
গত তিন সপ্তাহ আগে সিরিয়ার সরকারি বাহিনী কুসাইর শহরে সাঁড়াশি অভিযান শুরু করে। শহরটির অবস্থান রাজধানী দামেস্ক থেকে ভূমধ্যসাগরে যাওয়ার পথে হওয়ায় কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে। সে কারণে দু’পক্ষই কুসাইরের নিয়ন্ত্রণ নিয়ে মরণপণ যুদ্ধ শুরু করে।
পরে সে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা যোগ দেন এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ প্রকাশ্যে তা ঘোষণা করেন। কুসাইর শহরে সিরিয়ার সরকারি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় হবে বলেও তিনি আশ্বস্ত করেন। তার ওই ঘোষণার কয়েকদিনের মধ্যে এ গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হলো।