বার্তা সংস্থা আবনা : গোলান মালভূমি ক্রসিং পয়েন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সিরিয়ার সরকারি বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের দখল করা গোলান মালভূমির কাছে এর অবস্থান।
কুনেইত্রা নামের এ ক্রসিং পয়েন্টটি স্বল্প সময়ের জন্য আজ (বৃহস্পতিবার) বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা দখল করে নিয়েছিল। তবে, ব্যাপক সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী এটি আবার দখল করতে সক্ষম হয়।
এর আগে, ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছিল, বিদেশী মদদপুষ্ট বিদ্রোহীরা ক্রসিং পয়েন্ট দখল করে নিয়েছে।
এদিকে, গোলান মালভূমির আশপাশে লড়াই তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া ওই এলাকায় মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেয়ার কথা ঘোষণা করেছে।
গোলান মালভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১,০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে ৩৮০ জন সেনা অস্ট্রিয়ার। এসব সেনা সেখানে শান্তিরক্ষার কাজ পর্যবেক্ষণ করে থাকে।
১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়। সে সময় ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজাও দখল নিয়েছিল ইসরাইল। তবে আন্তর্জাতিক বিশ্ব আজ পর্যন্ত এ দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি।