৬ জুন ২০১৩ - ১৯:৩০
এখনই সহিংসতা বন্ধ করুন: এরদোগান

তুরস্কের প্রধানমন্ত্রী তার দেশের সরকার বিরোধী আন্দোলনকারীদের অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : তুরস্কের প্রধানমন্ত্রী তার দেশের সরকার বিরোধী আন্দোলনকারীদের অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত কয়েকদিন ধরে রাজধানী আঙ্কারাসহ দেশের বিভিন্ন শহরে আন্দোলন ও সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর তিনি এ আহ্বান জানালেন।

উত্তর আফ্রিকায় চারদিনের সরকারি সফর শেষে আজ (শুক্রবার) ভোররাতে ইস্তাম্বুলেরর আতাতুর্ক বিমানবন্দরে পৌঁছে এরদোগান এ আহ্বান জানান।

বিমানবন্দরে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে তিনি বলেন, "আমি অবিলম্বে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এ বিক্ষোভ ও সংঘর্ষ এরইমধ্যে দেশের গণতান্ত্রিক ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছে।"

তার বিদেশে অবস্থানের দিনগুলোতে ধৈর্য ও সহিষ্ণুতা দেখানোর জন্য তুর্কি প্রধানমন্ত্রী তার সমর্থকদের ধন্যবাদ জানান। এরদোগান বলেন, "আপনারা ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা এখান থেকে ঘরে ফিরে যাবো। আপনারা রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখিয়ে জনসম্পদ ধ্বংস করার মতো মানুষ নন।"

এর আগে বৃহস্পতিবার দেশের ফেরার আগে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে তিনি ইস্তাম্বুলের গাজি পার্ক পুনস্থাপনের আশ্বাস দেন। ওই পার্কটি ধ্বংস করার প্রতিবাদে তুরস্কের চলমান বিক্ষোভ শুরু হয়েছে।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর যখন তুর্কি সরকার দেশটির বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মদদ দেয়া শুরু করে তখনই রাজনৈতিক বিশ্লেষকরা তুরস্ক সরকারকে সতর্ক করে দিয়েছিলেন। তারা বলেছিলেন, আল-কায়েদার মতো সন্ত্রাসীদের এ  পর্যন্ত যারা তৈরি ও মদদ দিয়েছে পরবর্তীতে তাদেরই ধ্বংস করেছে এ সন্ত্রাসী গোষ্ঠী। কাজেই এরকম সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিবেশি দেশের বিরুদ্ধে উস্কে দিলে তার পরিণতি তুরস্কের জন্য ভালো হবে না।

তারা বলছেন, এখন তুরস্ককে হয়তো সিরিয়ার সহিংসতা উস্কে দেয়ার মাশুল দিতে হচ্ছে।