৭ জুন ২০১৩ - ১৯:৩০
সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় বহু বিদ্রোহী নিহত

সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের কাছে এক রক্তক্ষয়ী সংঘর্ষে বহু বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীকে হত্যা করেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের কাছে এক রক্তক্ষয়ী সংঘর্ষে বহু বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীকে হত্যা করেছে।

শুক্রবার দামেস্কের উত্তর-পূর্বে অবস্থিত হারাস্তা শহরে এ সংঘর্ষ হয় বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে। 

নিহতদের মধ্যে বিদ্রোহীদের দুই কমান্ডার ওবাদা দাহদুহ এবং নুরেদ্দিন নাজ্জারও রয়েছেন। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ছাড়া, সিরিয়ার সেনাবাহিনী হারাস্তা ও দুমা শহরের মধ্যবর্তী স্থানে রাস্তায় পেতে রাখা পাঁচটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী বোমা নিস্ক্রিয় করেছে।

শুক্রবারই সিরিয়ার আরেক শহর মাসরাবায় সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরা বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে বিদ্রোহীদের দুই কমান্ডাার সামির আব্দুল্লাহি ও ওমর সাল্লামসহ বহু বিদ্রোহী হতাহত হয়।

 দামেস্কের কাছে দারাইয়া ও বাবিলা শহরেও সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়েছে। আয-যিয়াবিয়াহ শহরে সরকারি বাহিনীর হামলায় আন্‌-নুসরা কমান্ডার তাহের মান্দিলসহ বহু বিদ্রোহী নিহত হয়েছে।

 দামেস্ক থেকে চার কিলোমিটার পূর্বে অবস্থিত যামালকা শহরে এক অভিযান চালিয়ে সেনাবাহিনী বিদ্রোহীদের একটি আস্তানা ধ্বংস ও বহু বিদ্রোহীকে হত্যা  করেছে।

 সম্প্রতি লেবানন সীমান্তবর্তী কুসাইর শহরে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের সাফল্য পাওয়ার পর ছোট ছোট শহর থেকে বিদ্রোহী উচ্ছেদ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার এসব হামলা চালানো হয়।#রেডিও তেহরান