বার্তা সংস্থা আবনা : ইরানের বিশেষজ্ঞরা দেশে তৈরি শরিফ উপগ্রহের নির্মাণকাজ শেষ করেছেন এবং আগামী তিন মাসের মধ্যে এই উপগ্রহ মহাশূন্যে পাঠানো হবে।
তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ উপগ্রহ তৈরি করেছেন বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রেজা রোস্তা-আজাদ।
আজ (শনিবার) তিনি তেহরানে বলেন, শরিফ উপগ্রহ নির্মাণের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে এটি উতক্ষেপণের পর্যায়ে রয়েছে।
তিনি আরো জানান, উতক্ষেপণের আগে উপগ্রহটির সর্বশেষ উন্নয়নের কাজ চলছে।
ইরানের অন্যতম খ্যাতনামা এ প্রযুক্তিবিদ আরো জানান, ইরানে তৈরি শরিফ বি-১ ক্যারিয়ারের মাধ্যমে এ উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।
ইরানের শতাধিক ছাত্র, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ৫০ কেজি ওজনের এই উপগ্রহ তৈরির নানা পর্যায়ের সঙ্গে জড়িত রয়েছেন।
ইরান গত ২৮ জানুয়ারি বায়ো-ক্যাপসুলে করে মহাকাশে জীবিত বানর পাঠায়। বানরটি তার মিশন শেষ করে জীবিত অবস্থায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। মহাকাশে মানুষ পাঠানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ মিশন পাঠিয়েছিল ইরান। এর আগে ইরান ২০০৯ সালে প্রথম দেশে তৈরি উপগ্রহ উমিদ (আশা) মহাকাশে পাঠায়।