বার্তা সংস্থা আবনা : সিরিয়ার কৌশলগত কুসাইর শহরের কাছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটিও সরকারি বাহিনী দখল করে নিয়েছে।
সরকারি সেনারা আজ (শনিবার) কুসাইরের পূর্বাঞ্চলীয় বিভিদা গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এর আগে, গতকাল কুসাইর শহরের আশপাশের আরো কয়েকটি গ্রাম দখল করে নেয়।
এসব অভিযানে বহুসংখ্যক বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে। কুসাইর শহরের যুদ্ধে বিদ্রোহীরা গত বুধবার পরাজয় মেনে নেয়ার পর একের পর এক এলাকা দখল করে চলেছে সিরিয়ার বাহিনী।
কুসাইর ছিল সিরিয়ার বিদ্রোহীদের রসদ ও অস্ত্র সরবরাহের অন্যতম প্রধান রুট। এর অবস্থান লেবানন সীমান্তের মাত্র ১০ কিলোমিটার দূরে এবং রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরের মাঝামাঝি। কুসাইর শহর বিজয়ের পর সিরিয়ার সেনারা এখন লেবানন সীমান্তবর্তী বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
এদিকে আলেপ্পোর লাত্তাকিয়া, ইদলিব, দেইর আজ-জোর এবং রাজধানী দামেস্কের কাছে কয়েকটি এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ চলছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, লাত্তাকিয়ায় যেসব বিদ্রোহী নিহত হয়েছে তার মধ্যে ইয়েমেন ও সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসী রয়েছে।