৯ জুন ২০১৩ - ১৯:৩০
জেনেভায় নিতে চাইলে অস্ত্র দিন : ফ্রি সিরিয়ান আর্মি

সিরিয়ার কথিত ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, তাদেরকে নতুন অস্ত্রের চালান না দিলে তারা আসন্ন জেনেভা সম্মেলনে অংশ নেবে না।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার কথিত ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, তাদেরকে নতুন অস্ত্রের চালান না দিলে তারা আসন্ন জেনেভা সম্মেলনে অংশ নেবে না।

বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের নিয়ে গঠিত ফ্রি সিরিয়ান আর্মির শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম ইদ্রিস মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন।

জেনারেল ইদ্রিস বলেন, “আমরা যদি যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করার এবং পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য অস্ত্র ও গোলাবারুদ না পাই, তাহলে আমি খোলামেলাভাবে বলতে চাই, আমরা জেনেভায় যাবো না... জেনেভায় কোনো সম্মেলন হবে না।“

বিশ্লেষকরা বলছেন, আমেরিকাসহ জেনেভা সম্মেলনের বেশিরভাগ উদ্যোক্তা সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে বলে কথিত ফ্রি সিরিয়ান আর্মি এখন পাশ্চাত্যের সঙ্গে অভিমানের সুরে কথা বলতে শুরু করেছে। তারা আবদার জানিয়েছে, অস্ত্র না দিলে তাদেরকে এত ঢাক-ঢোল পিটিয়ে ডাকা জেনেভা সম্মেলনে নেয়া যাবে না।

এর আগে গত বুধবার জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি জানান, সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে জেনেভা সম্মেলন জুনের পরিবর্তে জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছেন। তবে তিনি বলেছেন, পূর্বশর্ত আরোপ করা হলে তার সরকার এ সম্মেলনে অংশ নেবে না।

এদিকে, জেনেভা সম্মেলনের ঘোষণা দেয়ার পর সিরিয়ায় যুদ্ধক্ষেত্রের মোড় নাটকীয়ভাবে সরকারের পক্ষে ঘুরে গেছে। লেবানন সীমান্তবর্তী কৌশলগত শহর আল-কুসাইর ও এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা বিদ্রোহীদের দখলমুক্ত করেছে সেনাবাহিনী। এ ছাড়া, সিরিয়া ও ইসরাইল অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী কয়েকটি গ্রামও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি বাহিনী।