বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১১তম প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয় এবং তা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। অবশ্য তখনও ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় থাকলে এ সময়সীমা বাড়ানো হবে।
ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ভোট দেয়ার পর তিনি জনগণকে দ্রুততার সঙ্গে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দিনের শেষভাগের জন্য এ গুরুত্বপূর্ণ কাজটি ফেলে রাখা উচিত নয়।
নির্বাচনি কর্মকর্তাদেরকে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন জনগণের প্রতিটি ভোটকে অত্যন্ত সম্মানের চোখে দেখেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আজ তার দেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ দিন। আজ ইরানের শত্রুরা যেমন এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে তেমনি বন্ধু রাষ্ট্রগুলোও। শত্রুরা চায়, ভোটাররা যেন নির্বাচনে ভোট দিতে না আসেন, অন্যদিকে ইরানের বন্ধুদের চাওয়া ঠিক তার উল্টোটি।
এদিকে ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল তেহরানসহ সারাদেশের ভোটকেন্দ্রগুলোর যে ভিডিও ফুটেজ প্রচার করছে তাতে দেখা যাচ্ছে, সকাল ৮টার অনেক আগে থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা বিপুল সংখ্যায় ভিড় করেছেন।
সারা দেশের স্কুল ও কলেজগুলোর পাশাপাশি বেশিরভাগ মসজিদে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটগণনা শুরু হবে এবং যতদ্রুত সম্ভব ভোটের ফল ঘোষণার চেষ্টা করা হবে।