বার্তা সংস্থা আবনা : গোলান মালভূমিতে রাশিয়ার সেনা মোতায়েনের প্রস্তাবের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়েছে সিরিয়া।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তির সঙ্গে এক সাক্ষাতকারে এ সমর্থনের কথা জানিয়েছেন সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ।
তিনি বলেছেন, “গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনের বিষয়টি আমরা কোনো পূর্বশর্ত ছাড়াই মেনে নিতে প্রস্তুত রয়েছি।”
গত সপ্তাহে রাশিয়া ঘোষণা করে- গোলান মালভূমিতে মোতায়েন শান্তিরক্ষী বাহিনী থেকে যদি অস্ট্রিয়ার সেনা ফিরিয়ে নেয়া হয় তাহলে সেখানে মস্কো সেনা পাঠাতে রাজি আছে। গোলান মালভূমির কাছাকাছি কুনেইত্রা ক্রসিং পয়েন্টে সিরিয়ার সেনাবাহিনী ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর অস্ট্রিয়া গোলান মালভূমিতে মোতায়েন নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। এরইমধ্যে সেখান থেকে দেশটি সেনা প্রত্যাহার শুরু করেছে।
এর আগে, গোলান মালভূমিতে মোতায়েন শান্তিরক্ষী প্রত্যাহার করেছে ক্রোয়েশিয়া, জাপান ও কানাডা। ফলে সেখানে শান্তিরক্ষা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।
১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমি দখল করে নেয়। সে সময় ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজাও দখল নিয়েছিল ইসরাইল। তবে আন্তর্জাতিক বিশ্ব আজ পর্যন্ত এ দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি।