বার্তা সংস্থা আবনা : ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরানের ১১তম প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর বাশার আসাদ এ অভিনন্দন জানালেন।
এক চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ার জনগণের পক্ষ থেকে হাসান রুহানিকে হৃদয় নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা জানান। চিঠিতে বলা হয়েছে, ভাতৃপ্রতিম ইরানের কোটি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন রুহানি। ইরান ও সিরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর হবে বলেও আশা করেন প্রেসিডেন্ট আসাদ।
চিঠিতে বাশার আসাদ বলদর্পী ও আগ্রাসী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের এ অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার জন্য এ লড়াই জরুরি যাতে বন্ধু দেশগুলোর জনগণ এবং আঞ্চলিক ও সারা বিশ্বের মানুষের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।”
সিরিয়ায় গত আড়াই বছর ধরে চলা বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সহিংসতার বিরুদ্ধে সিরিয়ার সরকার যে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে ইরান।