১৭ জুন ২০১৩ - ১৯:৩০
সংবাদ সম্মেলনে রুহানি: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার সরকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার সরকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

শুক্রবারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, পরমাণু কর্মসূচিকে ব্যবহার করে পাশ্চাত্য তেহরানের ওপর যে অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের জনগণের তা পাওনা ছিল না।

পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ অভিযোগের ভিত্তিতে পাশ্চাত্য ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তেহরান বলছে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

ড. হাসান রুহানি সোমবার বিকেলে তেহরানের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আরো বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহীতামূলক। এ কর্মসূচি যে আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে তা প্রমাণ করার জন্য তার সরকার একে আরো স্বচ্ছ করার চেষ্টা করবে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোর দিয়ে উল্লেখ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার কোনো ইচ্ছে তার নেই।

ড. রুহানি তার সংস্কারপন্থী নীতির প্রতি সমর্থন জানানোর জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি নির্বাচনি প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়নের চেষ্টা করবেন। যেদিন তিনি বেকারত্বের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে পারবেন সেদিন নির্বাচনে বিজয়ের আনন্দ উপভোগ করবেন বলে জানান তিনি।

আন্তর্জাতিক সমাজের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে গঠনমূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রুহানি।