বার্তা সংস্থা আবনা : জার্মানির সাবেক শাসক অ্যাডলফ হিটলারের জীবনীকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীনরা গাইড হিসেবে ব্যবহার করছেন বলে সম্প্রতি যে খবর বের হয়েছে তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পিয়ংইয়ং। এ নিবন্ধের প্রণেতাকে হত্যার হুমকিও দিয়েছে দেশটি।
উত্তর কোরিয়া ছেড়ে চলে যাওয়া লোকজনের পরিচালনায় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউ ফোকাস ইন্টারন্যাশনাল’-এ প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয়েছে, “সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে হিটলারের জীবনী পড়ে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের নির্দেশ দিয়েছেন।”
কিম জং উন গত জানুয়ারিতে তার জন্মদিনের অনুষ্ঠানে জার্মানির সাবেক শাসক হিটলারের জীবনীর অনুদিত কপি কয়েকজন কর্মকর্তাকে দেন।
অনলাইন পোর্টালে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে- “প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর হিটলারের নেতৃত্ব কিভাবে জার্মানি দ্রুত পুনর্গঠনের কাজ করেছিল ওই জীবনীতে তার উল্লেখ রয়েছে। কিম জং উন রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে হিটলারে জীবনী থেকে শিক্ষা নিয়ে তা বাস্তবে পরিণত করার নির্দেশ দিয়েছেন।”
অনলাইন পোর্টালে প্রকাশিত এ নিবন্ধ আজ (বুধবার) দক্ষিণ কোরিয়ার সব দৈনিকে প্রকাশিত হয়েছে।
উত্তর কোরিয়ার পুলিশ সংস্থা এ নিবন্ধকে তৃতীয় শ্রেণীর অপরাধ বলে অভিহিত করেছে। দেশটির সর্বোচ্চ নেতাকে খাটো করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে পুলিশ সংস্থা উল্লেখ করেছে।