বার্তা সংস্থা আবনা : জেনেভায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইরান ও সৌদি আরবের উপস্থিতির প্রতি জোর দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ কুয়েত নিউজ এজেন্সি- কুনা’র সঙ্গে এক সাক্ষাতকারে একথা বলেন।
ল্যাভরভ বলেন, সিরিয়ার বিষয়ে প্রভাব বিস্তারকারী পক্ষ হচ্ছে ইরান ও সৌদি আরব। তাই এ বৈঠকে দেশ দু’টির উপস্থিত থাকা উচিত বলে মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
গত ৫ জুন জেনেভায় রাশিয়া, আমেরিকা ও জাতিসংঘের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে ২৫ জুন। এ বৈঠকে তেহরান ও রিয়াদের উপস্থিতির ওপর জোর দিলেন ল্যাভরভ।
এদিকে, গতকাল জি-এইট সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ সিরিয়া বিষয়ক সম্মেলনে ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে ‘গঠনমূলক আলোচনা সাপেক্ষে’ আমন্ত্রণ জানান।
এর আগে, ল্যাভরভ বলেছিলেন, “নি:সন্দেহে সিরিয়ার সমস্যা সমাধানে ইরান খুবই গুরুত্বপূর্ণ পক্ষ।”
সিরিয়ায় দুই বছরের বেশি সময় ধরে চলমান সহিংসতার ব্যাপারে ইরান খুবই স্পষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছে। তেহরান বলেছে, সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে বহি:শক্তিগুলোর অযাচিত হস্তক্ষেপ বন্ধের পাশাপাশি দেশটির বিদ্রোহী ও সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করতে হবে। সিরিয়ার জনগণ ও তার সরকারকে তাদের পথ বেছে নেয়ার সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে আসছে তেহরান।