বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে মহাপ্রলয় ঘটে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সাবেক মার্কিন কর্মকর্তা ও হোয়াইট হাউজের সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের প্রধান রিচার্ড ক্লার্ক।
একইসঙ্গে তিনি বলেছেন, কোনো ধরনের সাইবার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বিঘ্নিত হবে না কারণ এতে রয়েছে কঠোর প্রতিরোধ ক্ষমতা।
টাইমস অব ইসরাইল পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে ক্লার্ক এসব কথা বলেছেন। সাবেক মার্কিন এ কর্মকর্তা প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জর্জ ডাব্লিউ বুশের আমলে সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তিনি বলেন, সাইবার হামলায় ইরানের পরমাণু কর্মসূচির যে কিছু হবে না তা বোঝা গেছে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার তৈরি স্টুক্সনাট ভাইরাস ব্যর্থ হওয়ার পর। তিনি আরো বলেন, “আমরা নানাভাবে চেষ্টা করেছি এবং স্টুক্সনাট ভাইরাস দিয়ে ক্ষতি করার চেষ্টা করে যখন সফল হওয়া গেল না তখন আবার নতুন করে এ ধরনের কিছু একটা করা খুব কঠিন কাজ হবে। ইরানিরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং তাদের নজরদারিও বেশি।”
২০১২ সালের জুন মাসে নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছিল- ইরানের বিরুদ্ধে উন্নত ধরনের ডিজিটাল যুদ্ধের অংশ হিসেবে স্টুক্সনাট ভাইরাস দিয়ে দেশটির প্রধান পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রেগুলোতে হামলা চালানো হয় এবং এ কাজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরাসরি নির্দেশ ছিল। পত্রিকাটি পরে জানিয়েছিল, ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা ইউনিটের সহায়তায় আমেরিকা ওই ভাইরাস তৈরি করেছিল।
মার্কিন সাবেক কর্মকর্তা ক্লার্ক সুস্পষ্ট করে বলেন, ইরান সরকার পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে না এবং দেশটির পরমাণু স্থাপনার ওপর হামলা হলে ভয়াবহ যুদ্ধ শুরু হবে। সে যুদ্ধ শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না; এতে ইসরাইলের পাশাপাশি জড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এবং আমেরিকা। ভয়াবহ এ যুদ্ধ কিভাবে শেষ হবে তা বলা কঠিন এবং সারাবিশ্ব মারাত্মকভাবে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে।