বার্তা সংস্থা আবনা : মহড়া শেষ হওয়ার পরও সাতশ' মার্কিন সেনাকে জর্ডানে রেখে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'প্রতিনিধি পরিষদ'-র স্পিকারের কাছে লেখা এক চিঠিতে এ তথ্য দিয়েছেন তিনি। ওবামা বলেছেন, জর্ডান সরকারের অনুরোধে সেখানে সেনা মোতায়েন রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত ওই সব সেনা জর্ডানেই থাকবে। মহড়ার নামে মার্কিন সেনারা জর্ডানে পেট্রিয়ট মিসাইল সিস্টেমস ও যুদ্ধ বিমানসহ আরো নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম নিয়ে এসেছে। সেগুলোও দেশটিতে রেখে দিচ্ছে মার্কিন সরকার।
গত বৃহস্পতিবার মার্কিন সেনাদের ওই মহড়া শেষ হয়েছে। এর আগে গত ৪ জুন সিরিয়া সীমান্তে জর্ডানের মরুভূমিতে বহুদেশীয় এক সামরিক মহড়ার আয়োজন করে আমেরিকা। সেখানে মার্কিন সেনারা ছাড়াও আরো ১৮টি দেশের আট হাজার সেনা অংশ নেয়।
জর্ডানে মার্কিন সামরিক ততপরতার বিষয়ে রাশিয়া এর আগে প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণন্মুখ একটি অঞ্চলে বিদেশি অস্ত্র-শস্ত্র পাঠানো হচ্ছে। সিরিয়ার খুব কাছাকাছি স্থানে এটা ঘটছে। যে সিরিয়ায় গত দুই বছরের বেশি সময় ধরে ধ্বংসাত্মক সংঘাত চলছে।