বার্তা সংস্থা আবনা : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোয়েন্দারা সিরিয়ার জঙ্গিদেরকে ট্যাংক ও বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। গত কয়েক মাস ধরে গোপনে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে আমেরিকার দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে।
খবরে আরো বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জর্দানের দক্ষিণ-পশ্চিম মরুভূমিতে মার্কিন একটি নতুন ঘাঁটি স্থাপনের পর থেকে এ জাতীয় গোপন প্রশিক্ষণ দেয়ার ততপরতা শুরু হয়েছে।
সিরিয়ার সরকার বিরোধী জঙ্গিদের গ্রুপ করে দু’সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং ২০ থেকে ৪৫ জন করে জঙ্গি নিয়ে প্রতিটি গ্রুপ গঠন করা হয়েছে।
সিরিয়ার দা’রা প্রদেশের নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী কমান্ডারের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, রুশ নির্মিত ১৪.৫ এমএম ট্যাংক বিধ্বংসী রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ২৩ এমএম বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ জাতীয় প্রশিক্ষণ ততপরতা তুরস্কেও চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইয়াহিয়া বিত্তার নামের এক জঙ্গি কমান্ডার জানিয়েছেন, আমেরিকা, জর্দান এবং ফ্রান্সের গোয়েন্দারা এ জাতীয় প্রশিক্ষণ ততপরতার সঙ্গে জড়িত রয়েছেন।
গত মাসে প্রশিক্ষণ শেষে প্রায় ১০০ জঙ্গিকে সিরিয়া সীমান্তের ভেতরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অবশ্য, হোয়াইট হাউজ এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করেনি। কিন্তু হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কারনি এই মার্কিন দৈনিককে বলেছেন, সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদেরকে ওয়াশিংটন আগেও ব্যাপক সহযোগিতা যুগিয়েছে। দামেস্ক সরকারের বিরুদ্ধে লড়াইরত সুপ্রিম মিলিটারি কাউন্সিল নামের সশস্ত্র গোষ্ঠীসহ দেশটির সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার বিদ্রোহীদের সরাসরি অস্ত্র যোগানোর জন্য সিআইএ’কে নির্দেশ দেয়ার এক সপ্তাহের বেশি সময়ের মধ্যেই এ জাতীয় খবর প্রকাশ হলো। সিরিয়া সরকারের কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে এ নির্দেশ দিয়েছিলেন ওবামা।
অবশ্য, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ভিত্তিহীন ও ন্যক্কারজনক এ সব অভিযোগ সরাসরি ও স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।