বার্তা সংস্থা আবনা : ইরানের সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার বলেছেন, সিরিয়ার চলমান সহিংসতায় কাতার ও সৌদি আরবের দায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের চেয়ে কোনো অংশে কম নয়।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ- জেনারেল মাসুদ জাযায়েরি শনিবার তেহরানে এ কথা বলেছেন। তিনি সিরিয়ায় মার্কিন সরকারের অমানবিক তত্পরতার নিন্দা জানান।
জেনারেল জাযায়েরি বলেন, ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে মার্কিন সরকার আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করেছে। এ গোষ্ঠী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে।
ইরানের এ সেনা কর্মকর্তা বলেন, যে সব দেশ অন্য দেশে সন্ত্রাসবাদ রপ্তানি করে সে সব দেশকে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়।
গত সোমবার ইসরাইলের সিরিয়া বিষয়ক সমন্বয়কারী আফিফ শাভিত লন্ডনে বেশ কয়েকজন কাতারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে দু’পক্ষ সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের অস্ত্র ও গোলাবারুদ দেয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে গত মাসে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার বিদ্রোহীদের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়। ওই ইউনিয়ন সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠানোর জন্য ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলসহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানায়।
ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস মে মাসে এক চাঞ্চল্যকর খবরে জানায়, কাতার গত দু’বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উত্খাতের জন্য দেশটির বিদ্রোহীদেরকে কয়েকশ’ কোটি ডলারের সাহায্য দিয়েছে।