বার্তা সংস্থা আবনা : লেবাননের সেনাবাহিনী ও সশস্ত্র সালাফিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চার সৈন্য নিহত ও অপর সাতজন আহত হয়েছে। উগ্র সালাফি নেতা শেখ আহমাদ আল-আসিরের সমর্থকরা দক্ষিণ লেবাননের সিডনের একটি সেনা চেকপয়েন্টে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। ওই এলাকার পরিস্থিতি শান্ত করতে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। গত ১৮ জুনেও ওই শহরে সালাফিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এর ফলে প্রাণ হারায় এক বেসামরিক ব্যক্তি।
লেবানন সরকার সিরিয়া ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিলেও সালাফিরা দেশটির সরকারি অবস্থানে হামলা শুরু করেছে। বিদেশি মদদপুষ্ট তাকফিরি গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে লেবাননের সালাফিরা। গত বুধবার সিরিয়া থেকে তাকফিরি গেরিলারা লেবাননের হিজবুল্লাহর অবস্থানের ওপর মর্টার হামলা চালায়। আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সরাসরি সমর্থনপুষ্ট হওয়ার কারণে সিরিয়ার গেরিলাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে হিজবুল্লাহ।
সিরিয়া সব সময় দখলদার ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামে সমর্থন দিয়ে এসেছে। ইসরাইল বিরোধী সিরিয় সরকারকে হটাতেই ২০১১ সাল থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি।