বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করায় সৌদি আরবের তীব্র সমালোচনা করে দামেস্ক বলেছে, সিরিয়ার চলমান সহিংসতার জন্য রিয়াদ দায়ী।
সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আয-যোবি এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় সমরাস্ত্রের চালানের পাশাপাশি দলে দলে সন্ত্রাসী ঢুকিয়ে দিচ্ছে সৌদি আরব। কাজেই এ সহিংসতায় সৌদি আরবের হাত রয়েছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন, রিয়াদ তার দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে আসলেও ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে কোনো কথা বলে না।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র পাঠানোর আহ্বান জানানোর পর সেদেশের তথ্যমন্ত্রী এ মন্তব্য করলেন।
প্রিন্স সৌদ আল-ফয়সাল মঙ্গলবার জেদ্দায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফয়সাল বলেন, সিরিয়ার সন্ত্রাসীদের সহায়তা করার জন্য তার দেশ সম্ভাব্য সব কিছু করবে। তিনি সিরিয়ার সরকারকে অস্ত্র দেয়া বন্ধ করতে আন্তর্জাতিক প্রস্তাব পাসের আহ্বান জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের প্রতি রাশিয়া, ইরান ও লেবাননের হিযবুল্লাহর সমর্থনের ব্যাপারে তার দেশ নীরব থাকতে পারে না।