২৬ জুন ২০১৩ - ১৯:৩০
‘সিরিয়ার আন-নুসরা নেতা সিআইএ’র গুপ্তচর’

সিরিয়ার সরকার বিরোধী প্রধান বিদ্রোহী গোষ্ঠী আন-নুসরা’র প্রধানকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র অনুচর বলে দাবি করেছেন আল-কায়েদার সাবেক এক সদস্য।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সরকার বিরোধী প্রধান বিদ্রোহী গোষ্ঠী আন-নুসরা’র প্রধানকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ’র অনুচর বলে দাবি করেছেন  আল-কায়েদার সাবেক এক সদস্য।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাতকারে এ কথা বলেছেন আল-কায়েদার সাবেক সদস্য শেখ নাবিল নাঈম। এর আগে,মিশরে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেছেন নাঈম।

তিনি বলেন,  সিরিয়ার সরকার বিরোধী প্রধান বিদ্রোহী গোষ্ঠীর আন-নুসরা’র প্রধান আবু মোহাম্মদ আজ-জাওলানি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র অনুচর।

শেখ নাঈম আরো বলেন, আন-নুসরা নেতা আবু মোহাম্মদ এর আগে আল-কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি’র প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

আন-নুসরা’র সঙ্গে আল-কায়েদার সম্পর্কের কথা তুলে ধরে শেখ নাঈম আরো বলেন, এ গোষ্ঠী আমেরিকার পক্ষ নিয়ে সিরিয়ায় লড়াই করছে।

সাক্ষাতকারে শেখ নাঈম সিরিয়ায় চলমান সহিংসতার নিন্দা করে আল-কায়েদা নেতা জাওয়াহিরিকেও মার্কিন ডাবল এজেন্ট হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আফগানিস্তানে ১৮ বছর ধরে আল-কায়েদাকে তহবিল এবং সমর্থন যুগিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এ জাতীয় ততপরতায় নিজেও এর আগে ধোঁকা খেয়েছেন বলে স্বীকার করেন নাঈম।

নাঈমকে মিশরের অন্যতম শীর্ষস্থানীয় জঙ্গি হিসেবে মনে করা হয়। ১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে মনে করা হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে হোসনি মুবারকের পতনের পর কারাগার থেকে মুক্তি পান নাঈম।