২৮ জুন ২০১৩ - ১৯:৩০
সহিংসতায় ডুবে যাচ্ছে মিশর; গৃহযুদ্ধের আশঙ্কা

ভয়াবহ সহিংসতায় ডুবে যাচ্ছে মিশর। দেশটিতে নতুন করে সহিংসতায় নিহত হয়েছে অন্তত চারজন।

বার্তা সংস্থা আবনা : ভয়াবহ সহিংসতায় ডুবে যাচ্ছে মিশর। দেশটিতে নতুন করে সহিংসতায় নিহত হয়েছে অন্তত চারজন। এর মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছে। মিশরের নিরাপত্তা এবং হাসপাতাল সূত্র এ খবর দিয়েছে।

মিশরের ক্ষমতাসীন ইখওয়ানুল মুসলিমিন এবং বিরোধীদলগুলোর হাজার হাজার সমর্থকের মধ্যে এ সংঘর্ষ হয়। সূত্র জানাচ্ছে- বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার সংঘর্ষে নিহত হয়েছে দু’জন। এর মধ্যে রয়েছে এক বিক্ষোভকারী এবং এক মার্কিন ক্যামেরাম্যান। মিশরীয় নাগরিক নিহত হয়েছে গুলিতে আর মার্কিন নাগরিক নিহত হয় ছুরির আঘাতে। এ ঘটনা ঘটেছে আলেকজান্দ্রিয়ায় ইখওয়ানুল মুসলিমিনের সদর দপ্তরের কাছে। পরে বিক্ষুব্ধ জনতা ইখওয়ানের কার্যালয় পুড়িয়ে দেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুসা ইয়াহহিয়া জানান, আলেকজান্দ্রিয়ার সংঘর্ষে অন্তত ১৬০ জন আহত হয়েছে।

এ ছাড়া, প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির নিজ শহর জাগাজিগে নিহত হয়েছে অন্তত একজন। আর পোর্ট সাঈদ শহরের বিক্ষোভ ও সংঘর্ষের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়।

ইখওয়ান সূত্রে দাবি করা হয়েছে- সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত সারা দেশে তাদের আটটি কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে।

এদিকে, রাজধানী কায়রোয় সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হচ্ছে। তবে তাহরির স্কয়ারসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট দপ্তরের কাছে চলমান এ বিক্ষোভ তুলনামূলক শান্তিপূর্ণ হচ্ছে।

অন্যদিকে, মিশরের শীর্ষ ধর্মীয় নেতা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা গৃহযুদ্ধে রূপ নিতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। প্রেসিডেন্ট মুরসি এসব সংঘর্ষ ও সহিংসতার জন্য সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের সমর্থকদের দায়ী করছেন।

মিশরের বিরোধীদলগুলো প্রেসিডেন্ট মুরসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। তবে এর সঙ্গে সাম্প্রদায়িক ইস্যুও যোগ হয়েছে।