বার্তা সংস্থা আবনা : মিশরে সেনা অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ার পর ভূমধ্যসাগর উপকূলবর্তী 'মাসরা মাতরুহ' শহরে সংঘর্ষ হয়েছে। সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয়ার পরপরই শহরের গভর্নর ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে দৈনিক আল আহরাম জানিয়েছে।
এদিকে, সেনা অভ্যুত্থানের প্রতিবাদ জানাতে কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে মোহাম্মাদ মুরসির সমর্থকরা সমবেত হয়েছে। তবে এরইমধ্যে সেনাবাহিনী মুরসি সমর্থকদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। এখন সমাবেশস্থলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। কাউকে বেরও হতে দিচ্ছে না সেনাবাহিনী।
ইয়াসির সুলাইমান নামের এক সমর্থকের উদ্ধৃতি দিয়ে দৈনিক আল আহরামের অনলাইন সংস্করণে লেখা হয়েছে, 'সেনাবাহিনী প্রেসিডেন্টকে উতখাতের ঘোষণা দিয়ে দেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়েছে।'