৩ জুলাই ২০১৩ - ১৯:৩০
মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আদলি মানসুর

মিশরের নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবাধিক আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুর।

বার্তা সংস্থা আবনা : মিশরের নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবাধিক আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুর। তিনি আজ (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে বলেছেন, ‘আমি প্রতাজান্ত্রিক ব্যবস্থা রক্ষা করবো, সংবিধান ও আইনের প্রতি সম্মান দেখাবো এবং জনগণের স্বার্থ সমুন্নত রাখবো।’ রাজধানী কায়রোর সর্বোচ্চ সাংবিধানিক আদালত ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেয়ার পর এক ভাষণে তিনি দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন। মানসুর আদলি আরো বলেছেন, ‘ইখওয়ানুল মুসলিমিন আমাদের জাতির অংশ এবং আমি তাদেরকেও দেশ গড়ার কাজে অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

গতরাতে মিশরের সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেন। সিসি’র ঘোষণার পর ইখওয়ানুল মুসলিমিনের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করা হয়।