৪ জুলাই ২০১৩ - ১৯:৩০
মিশর: ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা আটক

মিশরের প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা আবনা : মিশরের প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িকে আটক করা হয়েছে। দেশটির সেনাবাহিনী মিশরে অভ্যুত্থান করার পর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে ধরপাকড় চলছে তার অংশ হিসেবে মুহাম্মাদ বাদায়িকে আটক করা হলো। এর আগেই প্রেসিডেন্ট মুরসিকে আটক করা হয়।

মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড চালানোর কাজে উস্কানি দেয়ার অভিযোগে মুহাম্মাদ বাদায়িকে আটক করা হয়েছে।

মিশরের অবকাশযাপন কেন্দ্র মেরসা মাতরুহ এলাকার একটি ভিলা বাড়ি থেকে তাকে আটক করা হয়। ভিলা বাড়িটি ইখওয়ানুল মুসলিমিন দলেরই এক নেতার।

এদিকে, মিশরের আল-আহরাম পত্রিকা জানিয়েছে, মুহাম্মাদ বাদায়ির সহকারী ও বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রার্থী খয়রাত আল-শাতেরকেও আটক করা হয়েছে। এ ছাড়া, আটক করা হয়েছে মিশর সংসদের স্পিকার সা’দ আল-কাতাতনি এবং এবং ইখওয়ানুল মুসলিমিনের উপ প্রধান রাশাদ বায়োমিকেও। তাদের সবাইকে তোরা কারাগারে রাখা হবে। এ কারাগারেই সাবেক স্বৈরশাসক হোসনি মুবারককে আটক রাখা হয়েছে।