বার্তা সংস্থা আবনা : মিশরের রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ও তার বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৩০০ ব্যক্তি আহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
শুক্রবার সন্ধ্যায় ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি রাজধানী কায়রোর একটি মসজিদে আকস্মিকভাবে উপস্থিত হয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে ভাষণ দেন। ওই ভাষণে তিনি ঘোষণা করেন, মুরসিকে ক্ষমতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত ইখওয়ানের সমর্থকরা ঘরে ফিরে যাবে না।
তার এ ঘোষণার পর মুরসির সমর্থকরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের দিকে অগ্রসর হয়। টেলিভিশন ভবনের কাছেই ঐতিহাসিক তাহরির স্কয়ার অবস্থিত যেটি গত প্রায় দু'সপ্তাহ যাবত মুরসি বিরোধীদের দখলে রয়েছে।
তাহরির চত্বরের একেবারে কাছে অবস্থিত টিভি ভবনের দিকে মুরসির সমর্থকরা এগিয়ে গেলে এ সংঘর্ষ বাঁধে এবং এতে ৩০ ব্যক্তি নিহত হয়। কায়রোর বিভিন্ন স্থানে শুক্রবার রাতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
তবে ভূমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়ায় শুক্রবার জুমার নামাজের পরপরই এ সংঘর্ষ শুরু হয়েছিল এবং সেখানে দিনভর সংঘর্ষে ১২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।