বার্তা সংস্থা আবনা : মিশরের রাজধানী কায়রোয় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির পক্ষে বিক্ষোভ করতে গিয়ে নতুন করে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। ইখওয়ানুল মুসলিমিন এ দাবি করেছে।
সংগঠনটি বলেছে, রিপাবলিকান গার্ড বাহিনীর সদরদপ্তরের কাছে আজ (সোমবার) অবস্থান কর্মসূচি পালনের সময় সেনাবাহিনী তাদের কর্মীদের ওপর গুলি চালায়। এ ছাড়া, গুপ্তঘাতক দিয়ে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ তুলেছে দলটি। কায়রোর পুর্বে নাসর এলাকায় অবস্থান কর্মসূচি বানচাল করতেও সেনাবাহিনী তাজা গুলি ব্যবহার করেছে। এসব হত্যাকাণ্ডের জন্য সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে দায়ী করেছে ইখওয়ান। মিশরের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে- রিপাবলিকান গার্ড বাহিনীর সদরদপ্তরের কাছে ইখওয়ানের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
এদিকে, সেনাবাহিনী দাবি করেছে-একদল অস্ত্রধারী ব্যক্তি রিপাবলিকান গার্ড বাহিনীর সদরদপ্তরে ঢোকার চেষ্টা করলে তাদের সঙ্গে সেনা বাহিনীর সংঘর্ষ হয়। ব্যারাকে বিক্ষোভকারীদের হামলায় এক সামরিক কর্মকর্তা নিহত ও ৪০ আহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আজকের সংঘর্ষে ৪২ জন নিহত ও ৩২২ জন আহত হয়েছে। বাকীদের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
গত বুধবার প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সেনাবাহিনী উতখাত করলে দেশটিতে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। ইখওয়ানুল মুসলিমিন বলেছে- মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত বিক্ষোভ চলবে।