বার্তা সংস্থা আবনা : রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা গোপন তথ্য সংরক্ষণ করতে আবার টাইপরাইটার যন্ত্রের দিকে ঝুঁকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।
অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিকস ও সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন যেভাবে মার্কিন সরকারের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন রাশিয়ায় তার পুনরাবৃত্তি রোধের লক্ষ্যে এই ব্যবস্থা নিয়েছে মস্কো।
রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা এফএসও টাইপরাইটার মেশিন কেনার জন্য প্রায় ১০ হাজার পাউন্ড স্টারলিং সমপরিমান চার লাখ ৮৬ হাজার রুবল অর্থ বরাদ্দ দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় ক্রয় সংক্রান্ত ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
কম্পিউটার থাকার পরও হঠাত করে পুরনো টাইপমেশিন কেনো প্রয়োজন হয়ে পড়লো তার কোনো ব্যাখ্যা এফএসও দেয়নি।
তবে সংস্থাটির একটি সূত্র রাশিয়ার ইযভেস্তিয়া দৈনিককে জানিয়েছে, কম্পিউটারের হার্ডড্রাইভ থেকে যাতে কোনো তথ্য চুরি হয়ে না যায় সে লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্রটি জানিয়েছে, “উইকিলিকসের মাধ্যমে গোপন তথ্য প্রকাশ, এডওয়ার্ড স্নোডেনের পক্ষ থেকে তথ্য ফাঁস এবং ২০০৯ সালে লন্ডনে জি২০ শীর্ষ সম্মেলনের সময় (সাবেক প্রেসিডেন্ট) দিমিত্রি মেদভেদেভের কথায় আড়ি পাতার খবর প্রকাশের কথা মাথায় রেখে কাগজপত্রে তথ্য জমা রাখার প্রচলন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
এফএসও’র সূত্রটি আরো জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন তথ্য ও চিঠি টাইপ করার কাজে এরইমধ্যে টাইপরাইটার য্ন্ত্র ব্যবহার শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য তৈরি করা কিছু চিঠিও টাইপরাইটারের মাধ্যমে লেখা হয়েছে।