১৪ জুলাই ২০১৩ - ১৯:৩০
ইরানের ওপর একাই হামলা করতে চায় ইসরাইল!

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে এককভাবে ব্যবস্থা নেবে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে এককভাবে ব্যবস্থা নেবে ইহুদিবাদী ইসরাইল।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, মার্কিন সরকার কিছু করার আগেই ইরানের বিরুদ্ধে ‘অ্যাকশানে’ যেতে পারে।

তিনি বলেন, “আমাদের ঘড়ি ভিন্ন গতিতে টিক টিক করছে। আমরা আমেরিকার চেয়ে (ইরানের) কাছে রয়েছি। আমরা বেশি হুমকির সম্মুখীন। কাজেই, ইরানকে কীভাবে থামাতে হবে- সে প্রশ্ন নিয়ে আমাদেরকেই বেশি মাথা ঘামাতে হবে; হয়তো সেটি হবে মার্কিন সরকারের আগেই।”

অবশ্য নেতানিয়াহু এও বলেন, ইরান তার ভাষায় ‘রেড লাইন’ অতিক্রম করেনি। “ইরান রেড লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তবে তারা এখনও সেটি অতিক্রম করেনি।”

২০১২ সালের ২ সেপ্টেম্বর নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে একটি ‘পরিষ্কার রেড লাইন’ ঘোষণা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।  জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি ইরানের ব্যাপারে নিজের পক্ষ থেকে একটি ‘রেড লাইন’ও ঘোষণা করেন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন, ইরান বর্তমানে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই মাত্রা ৯০ ভাগের বেশি হলে ইরানের ওপর হামলা করা হবে।

আমেরিকা ও ইসরাইলসহ তাদের পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান স্পষ্টভাবে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’তে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তার রয়েছে।

এ ছাড়া, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বহুবার বলেছে, ইরান অস্ত্র তৈরির চেষ্টা করছে- এমন কোনো প্রমাণ তারা পায়নি।