১৬ জুলাই ২০১৩ - ১৯:৩০
মুহাম্মদ মুরসি কোথায়, কেমন আছেন- জানে না ইখওয়ান

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি কোথায়, কেমন আছেন-সে বিষয়ে কিছুই জানে না মিশরের ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজেপি।

বার্তা সংস্থা আবনা : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি কোথায়, কেমন আছেন-সে বিষয়ে কিছুই জানে না মিশরের ইখওয়ানুল মুসলিমিনের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বা এফজেপি। দলের উপ-প্রধান এসাম আল আরিয়ান বলেছেন, মোহাম্মদ মুরসির অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই।

মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেয়ার পর থেকেই মুহাম্মদ মুরসির বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না। কোন কোন সূত্র বলছে, তাকে অজ্ঞাত স্থানে নির্জন সেলে রাখা হয়েছে।

এফজেপির উপ-প্রধান এসাম আল আরিয়ান আরো বলেছেন, ইখওয়ানুল মুসলিমিন সংবিধানের আলোকে পদক্ষেপ নিচ্ছে এবং কখনোই আইন লংঘন করেনি। সংগঠনটি আইন মেনে শান্তিপূর্ণ উপায়ে সেনাবাহিনীর কাছ থেকে ক্ষমতা ফিরিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন তিনি। ইখওয়ানুল মুসলিমিনকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই সংগঠনটির নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান এসাম আল আরিয়ান।