বার্তা সংস্থা আবনা : রাশিয়া সীমান্তের কাছে মার্কিন জীবাণু অস্ত্রের মহড়ায় চিন্তিত হয়ে পড়েছে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয়া হয়েছে। অবশ্য, কবে এবং কোথায় আমেরিকা এ মহড়া চালিয়েছে তা পরিষ্কার করে বলা হয়নি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ও তথ্য বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে- রাশিয়া সীমান্তের কাছে মার্কিন সামরিক জীবাণু অস্ত্রের মহড়া মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে আরো বলা হয়েছে- “জীবাণু ও বিষাক্ত অস্ত্র ধ্বংস করা বিষয়ক কনভেনশনের ২ ধারা অনুযায়ী আমেরিকা এখনো তাদের এ সংক্রান্ত সব স্থাপনা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ধ্বংস করেছে এমন তথ্য আমাদের কাছে নেই।”
একইসঙ্গে জীবাণু অস্ত্রের বিস্তাররোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে রাশিয়া আইন লঙ্ঘন করে চলেছে বলে আমেরিকার অভিযোগকে মস্কো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। গত কয়েক বছর ধরে আমেরিকা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করে আসছে বলেও মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে।
মস্কো বলেছে, এ পর্যন্ত তাদের হাত থাকা শতকরা ৭৪ ভাগ জীবাণু অস্ত্র ধ্বংস করা হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, সমস্ত নিয়ম মেনে চলার পরও মস্কোর বিরুদ্ধে অভিযোগ তোলা থেকে এ কথায় ফুটে ওঠে যে, আমেরিকা এখনো রাশিয়ার বিরুদ্ধে শীতলযুদ্ধে লিপ্ত রয়েছে।