২১ জুলাই ২০১৩ - ১৯:৩০
‘সিরিয়ায় এস-৩০০ সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া’

সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিল বলেছেন, রাশিয়া এখনো তার দেশকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী কাদরি জামিল বলেছেন, রাশিয়া এখনো তার দেশকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানিয়েছেন, দামেস্ককে ঋণ সহায়তা দেয়া নিয়েও মস্কোর সঙ্গে তার আলোচনা  হয়েছে। আজ (সোমবার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান কাদরি জামিল।

এদিকে, আবারো সিরিয়ার সঙ্গে সামরিক ও অন্যান্য সম্পর্ক ছিন্ন করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। পাশাপাশি, সিরিয়ার বিদ্রোহীদের অবাধে অস্ত্র সরবরাহের জন্য পাশ্চাত্যের কঠোর সমালোচনা করেছে মস্কো।

জামিল জানান, “এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো মজবুত  করছে সিরিয়া।”

তিনি বলেন, দামেস্ককে আর্থিক ঋণ সহায়তা বাড়ানোর বিষয়টি নিয়েও দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।

জামিল আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ ঋণ সহায়তা চুক্তিটি স্বাক্ষরিত হবে।

সিরিয়ায় ২০১১ সাল থেকে পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশের প্রত্যক্ষ মদদে সহিংসতা শুরু হয়। এসব সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যসহ হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।