বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশে গাধা-বোমা হামলায় তিন বিদেশি সেনা ও তাদের একজন আফগান দোভাষী নিহত হয়েছে। আহত হয়েছে চার আফগান সেনা।
ন্যাটো ওই ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। প্রাদেশিক মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেছেন, এক ব্যক্তি গাধার পিঠে চড়ে ন্যাটো সেনাদের কাছে আসার পর বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এর ফলে হামলাকারী ব্যক্তি ও তাকে বহনকারী গাধাটিও প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। কেউ কেউ বলেছেন, বোমাটি গাধার দেহে বাধা ছিল।
আফগান তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেছেন, প্রদেশের সায়দাবাদ জেলার একটি সরু রাস্তায় ন্যাটো সেনা বহরের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়েছে। ওয়ারদাক প্রদেশটিতে তালেবানের ব্যাপক প্রভাব রয়েছে। এ কারণে মাঝেমধ্যেই সেখানে এ ধরনের হামলার ঘটনা ঘটে।