বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিব তার ভাষায় বলেছে, “যদি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার উস্কানি দেয়া অব্যাহত রাখে তাহলে দেশটির ওপর হামলা করা ছাড়া কোনো পথ খোলা থাকবে না।”
গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বৈঠকে ইসরাইলের রাষ্ট্রদূত রন প্রসর এ কথা বলেছেন। তিনি পশ্চিমা দেশগুলোর মতো একই ধরনের অভিযোগ করে বলেন, সিরিয়ার কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে এবং তেল আবিব তা কোনোভাবেই বরদাশত করতে পারে না।
রন প্রসর জোর দিয়ে বলেন, “আমি আগেও বলেছি এবং এখনো বলছি বাশার আসাদ সরকারের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে।” একইসঙ্গে তিনি এও বলেছেন, “আসাদ সরকার বিপজ্জনক ও অত্যাধুনিক অস্ত্র হাতে পেয়েছে এবং ইসরাইল তা কোনোভাবেই মেনে নিতে পারে না।”
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলের যুদ্ধবাজ সরকার সিরিয়ার ওপর কয়েকবার হামলা চালিয়েছে। এসব হামলায় সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা কেন্দ্র ও অস্ত্রগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইসরাইলের কাছেই একমাত্র পরমাণু অস্ত্রের বড় ধরনের সংগ্রহ রয়েছে। এছাড়া, রয়েছে প্রচুর পরিমাণে গণবিধ্বংসী মারণাস্ত্র। সেই দেশ সিরিয়ার হাতে রাসায়নিক অস্ত্র থাকার অভিযোগ এনে হামলার হুমকি দিচ্ছে।