২৫ জুলাই ২০১৩ - ১৯:৩০
মিশর সেনাবাহিনীর ডাকে সাড়া দেবে না আন-নূর পার্টি

মিশর সেনাবাহিনীর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ-মিছিলের কর্মসূচিতে অংশ নেবে না সালাফিপন্থী আন-নূর পার্টি।

বার্তা সংস্থা আবনা : মিশর সেনাবাহিনীর ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ-মিছিলের কর্মসূচিতে অংশ নেবে না সালাফিপন্থী আন-নূর পার্টি। দলটি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির আহ্বান প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) বলেছে, “আইনের আওতায় থাকলে রাষ্ট্রের জন্য কোনো দায়িত্ব পালন করতে ম্যান্ডেটের প্রয়োজন নেই।”

দলটি আরো বলেছে, “আইন লঙ্ঘন অবশ্যই রাষ্ট্রকে মোকাবেলা করতে হবে কিন্তু রাষ্ট্র যদি আইন লঙ্ঘন করে তাহলে রাষ্ট্রের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে।”

মিশরের প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের চলমান আন্দোলনকে  গতকাল (বুধবার) জেনারেল সি তার ভাষায় সন্ত্রাস ও সহিংসতা উল্লেখ করে এসব ততপরতা দমনের জন্য জনগণকে শুক্রবার রাস্তা নেমে আসার আহ্বান জানান এবং তাকে ম্যান্ডেট দেয়ার কথা বলেন। তার এ আহ্বানের পর আন-নূর পার্টি তা প্রত্যাখ্যান করল।

গত ৩ জুলাই মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাপ্রধান জেনারেল সিসি নতুন অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। এরপর থেকে দেশটিতে ইখওয়ানুল মুসলিমিনের নেতা-কর্মীরা ব্যাপক বিক্ষোভ করে আসছে। এ পর্যন্ত এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সরকার সমর্থকদের হামলায় বহু ইখওয়ান কর্মী নিহত হয়েছেন।