বার্তা সংস্থা আবনা : ইরানের বিদায়ী প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ করার পরও তিনি দেশকে সেবা দেয়া অব্যাহত রাখবেন।
প্রেসিডেন্ট ভবনে আজ (বৃহস্পতিবার) একদল সাংবাদিকের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেছেন। ড. আহমাদিনেজাদ আরো বলেন, অফিস ছাড়ার পরও যেখানেই প্রয়োজন হবে সেখানেই তিনি সহযোগিতা করবেন।
গত আট বছর ধরে তার প্রশাসনকে নানাভাবে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, যারা তার প্রশাসনের সঙ্গে একমত হয়েছেন কিংবা তার প্রশাসনের সমালোচনা করেছেন সবাই মূলত ইসলামি বিপ্লবের আদর্শকে সামনে রেখেই কাজ করেছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা পাশাপাশি থেকে কাজ করেছি এক আল্লাহ ও ন্যায়বিচারের পতাকা তুলে ধরার জন্য। এ কারণে যারা গত আট বছর ধরে কষ্ট সহ্য করে কাজ করেছেন সেইসব সাংবাদিককে আমি ধন্যবাদ জানাচ্ছি।”
প্রেসিডেন্ট আহমাদিনেজাদের মেয়াদকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রশংসার জবাবে তিনি বলেন, আট বছরের মেয়াদকালে তিনি যা অর্জন করেছেন তা ইরানি শহীদ, যুদ্ধফেরত সেনা, যুদ্ধাহত ব্যক্তি এবং ইরানি জাতির অর্জনের তুলনায় তা খুব নগণ্য।
বিভিন্ন দেশের নেতার সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেয়ার আগে তিনি কেমন প্রস্তুতি নিতেন -এমন প্রশ্নের জবাবে ড. আহমাদিনেজাদ বলেন, “পশ্চিামারা যা করে আমি সাধারণত তা করতাম না। আমি যা বিশ্বাস করি সংবাদ সম্মেলনে তাই বলে এসেছি; কোনো মিথ্যা বলার উদ্দেশ্য আমার থাকত না। সে কারণে সংবাদ সম্মেলনে অংশ নেয়ার আগে কোনো প্রস্তুতি নেয়ার প্রয়োজনও হতো না।”