বার্তা সংস্থা আবনা : মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন সেনা সরকারকে মেনে নিতে মুহাম্মদ মুরসির ওপর চাপ প্রয়োগ করেছেন। কিন্তু মুহাম্মদ মুরসি তার চাপের কাছে নতিস্বীকার করেননি।
ইখওয়ানের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির উপ-প্রধান মুহাম্মদ আল বেলতাগি বার্তা সংস্থা 'আনাদোলু'কে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সামরিক অভ্যুত্থান এবং বর্তমান সরকারকে মেনে নিতে মুহাম্মদ মুরসিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন অ্যাশ্টন । কিন্তু তাতে কাজ হয়নি।
গতকাল ইউরোপীয় ইউনিয়নের দূত অ্যাশ্টন অজ্ঞাত স্থানে মুহাম্মদ মুরসির সঙ্গে দুই ঘন্টা ধরে বৈঠক করেন। বৈঠকের পর ক্যাথেরিন অ্যাশ্টন জানান, মুহাম্মদ মুরসির টিভি দেখার ও পত্রিকা পড়ার সুযোগ রয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ ও খোলামেলা আলোচনা হয়েছে বলেও জানান অ্যাশ্টন। কিন্তু আলোচনার বিষয়বস্তু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন মুহাম্মদ মুরসি।
গত ৩ জুলাই মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান আল-সিসি। এরপর থেকেই দেশজুড়ে মুরসির দল ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বে আন্দোলন চলছে।