৩১ জুলাই ২০১৩ - ১৯:৩০
ইসরাইলের সঙ্গে আপোষ আলোচনা মানি না: হামাস

আমেরিকার মধ্যস্থতায় দখলদার ইসরাইল ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মধ্যে শুরু হওয়া সংলাপের বিরোধিতা করেছে ফিলিস্তিনের জনপ্রিয় দল হামাস।

বার্তা সংস্থা আবনা : আমেরিকার মধ্যস্থতায় দখলদার ইসরাইল ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মধ্যে শুরু হওয়া সংলাপের বিরোধিতা করেছে ফিলিস্তিনের জনপ্রিয় দল হামাস। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র সামি আবু যুহরি বলেছেন, আপোষ আলোচনা ফিলিস্তিনিদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস একতরফাভাবে আপোষ আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আবু যুহরি বলেন, আপোষ আলোচনার মাধ্যমে কেবল দখলদার ইসরাইলের স্বার্থই রক্ষা পাবে। এতে ফিলিস্তিনিরা লাভবান হবে না।

গত সোমবার রাতে দীর্ঘ তিন বছর বিরতির পর আমেরিকার মধ্যস্থতায় দখলদার ইসরাইল ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মধ্যে আবারো আলোচনা শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির উপস্থিতিতে ইসরাইলি প্রধান আলোচক যিপি লিভনি ও ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব আরিকাত আলোচনায় অংশ নেন।

ফিলিস্তিনিদেরকে ঘর-বাড়ী থেকে বিতাড়িত করে ইসরাইল যখন ইহুদিবাদীদের জন্য বাড়ী নির্মাণ অব্যাহত রেখেছে, ঠিক তখনি এ আলোচনা শুরু হলো। এ কারণে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, ইসরাইলের সঙ্গে আলোচনা করে কোন লাভ হবে না।