বার্তা সংস্থা আবনা : ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আগা মোহাম্মাদি বলেছেন, মার্কিন উদ্যোগে নতুন করে ইসরাইল-ফিলিস্তিন আপোষ আলোচনা শুরুর উদ্দেশ্যই হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের বসতি নির্মাণের ঘটনাকে ধামাচাপা দেয়া। তিনি গতকাল (মঙ্গলবার) দৃঢ়তার সঙ্গে বলেছেন- এ আলোচনা কোনো ফল বয়ে আনবে না।
ইব্রাহিম আগা মোহাম্মাদি বলেন, “নিঃসন্দেহে গত আঠারো বছর ধরে চলা এই আপোষ আলোচনা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো ইসরাইলি দখলদারিত্ব বজায় রাখা এবং ইহুদি বসতি নির্মাণ প্রকল্পকে ঢাকা দেয়া। তারা আসলে তাদের এ প্রকল্প শেষ করতেই সময় ক্ষেপণ করছে।”
তিনি আরো বলেন, মার্কিন সরকার মিশর এবং সিরিয়ায় সহিংসতা উস্কে দিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার অপচেষ্টা জোরদার করেছে এবং প্রতিরোধ আন্দোলনের ওপর চাপ সৃষ্টি করছে। তবে, ফিলিস্তিনের স্বার্থ এবং অধিকার উপেক্ষা করা হয় -এমন কোনো চুক্তি ফিলিস্তিনের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
আগা মোহাম্মাদি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের ভবিষ্যত তাদেরকেই নির্ধারণ করতে দিতে হবে এবং ফিলিস্তিন ও অধিকৃত ভূখণ্ডে গণভোট দেয়াই হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ।
গত সোমবার ওয়াশিংটনে ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ সরাসরি আলোচনার টেবিলে বসে। গত তিন বছরের মধ্যে এটাই প্রথম সরাসরি দ্বিপক্ষীয় আলোচনা। তবে বেশিরভাগ ফিলিস্তিনি মনে করছে আলোচনা ব্যর্থ হবে, কেননা তেল আবিব এবং ওয়াশিংটন মূলত আলোচনার নামে ফিলিস্তিনিদেরকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করাতে চাইছে।