বার্তা সংস্থা আবনা : মিশরের রাজধানী কায়রোতে উত্তাল বিক্ষোভে এক পুলিশসহ ৭২ ইখওয়ান কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইখওয়ানের রাজনৈতিক শাখা 'ফ্রীডম এন্ড জাষ্টিস' পার্টির ভাইস প্রেসিডেন্ট ড. ইসাম আল ইরিয়ান জানিয়েছেন, রামসিস স্কয়ারে সেনাদের বিমান থেকে গোলা নিক্ষেপে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য।
এছাড়া, কায়রোর উত্তরে ইসমাইলিয়া শহরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ছয় ইখওয়ান কর্মী ও পুলিশ নিহত হয়।
ফাইয়োম শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে।
এদিকে, জুমার নামাযের পর পরই শুরু হয়েছে ইখওয়ানুল মুসলিমিনের বিক্ষোভ কর্মসূচি। রাজধানী কায়রোসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচী পালন করছে হাজার হাজার মুরসি সমর্থক। গোটা কায়রো যেন পরিণত হয়েছে এক বিক্ষোভের নগরীতে।
পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে বিক্ষোভকারীরা ‘১৫ মে’ ব্রিজের দিকে মিছিল শুরু করেছে।
এছাড়া, রাবা স্কয়ার ও নাহদা ক্যাম্পাসেও জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। সেখানে ব্যাপক দমনপীড়ন ও অগ্নি সংযোগ চালিয়ে বিক্ষোভকারীদের উচ্ছেদ করেছিলো সামরিক জান্তা বাহিনী।
মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রীয়ায় জুমার নামাযের পর বিক্ষোভ শুরু করেছে ইখওয়ানুল মুসলিমিন ও সমর্থকরা।
দেশটির নিল ডেলটা সিটিতেও হাজার হাজার মুরসি পন্থী বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা যেনো ঐতিহাসিক তাহরির স্কয়ারে প্রবেশ করতে না পারে তাই চত্তরের প্রবেশ পথে সাঁজোয়া যান ও ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করে রেখেছে সেনা বাহিনী। সারাদিনের জন্য বন্ধ রাখা হয়েছে তাহরির স্কয়ারের ‘সাদাত মেট্রোষ্টেশন’।
দাকহালিয়াতে বিক্ষোভে অংশ নিয়েছে ১০ হাজারেরো বেশি মানুষ।
আল মেনিয়া জেলায় বিক্ষোভে জড়ো হয়েছে হাজার হাজার ইখওয়ান কর্মী সমর্থক। তারা সামরিক সরকারের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য শ্লোগান দিচ্ছে। কায়রোর পাশে হেলোয়ান জেলাতেও উত্তাল বিক্ষোভ চলছে বলে খবর পাওয়া গেছে।
দেশটির সামরিক বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির সমর্থকরা এ বিক্ষোভের আয়োজন করে।
এদিকে, বিক্ষোভ দমাতে দেশটির সেনা সমর্থিত সরকার জরুরী অবস্থা জারি করে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। এ ঘোষণার প্রথম দিনেই বিক্ষোভ কর্মসূচীর ডাক দিল ইখওয়ানুল মুসলিমিন। এমন পরিস্থিতিতে ভয়াবহ রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে।