৩১ আগস্ট ২০১৩ - ১৯:৩০
‘হ্যাকিংয়ের জবাবে চীনে হামলা করতে পারে আমেরিকা’

আমেরিকা অভিযোগ তুলেছে, তাদের সাইবার জগত থেকে অনেক তথ্য চুরি করেছে চীন।

বার্তা সংস্থা আবনা : আমেরিকা অভিযোগ তুলেছে, তাদের সাইবার জগত থেকে অনেক তথ্য চুরি করেছে চীন। এ অভিযোগের পর পেন্টাগন হুমকি দিয়ে বলেছে, মার্কিন সাইবার জগতে হ্যাকিং এবং তথ্য চুরির জবাবে চীনে সামরিক হামলা হতে পারে।

গতকাল (বৃহস্পতিবার) ব্রুকলিং গবেষণা সংস্থার এক অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, “সাইবার জগতে চীন হচ্ছে সিঁধেল চোর এবং তারা গোয়েন্দা তথ্য চুরি করেছে।”

তিনি বলেছেন, মার্কিন সাইবার জগতে যেকোনো হামলার জবাব শুধু সাইবার হামলার মাধ্যমেই দেয়া হবে না বরং তা সামরিক উপায়ে আকাশ, নৌ কিংবা স্থলপথে হতে পারে।

জেনারেল ডেম্পসি জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা বিভিন্ন অপশন নিয়ে ভাবছেন এবং আমেরিকায় নতুন করে কোনো সাইবার হামলা হলে অন্য পথে তার জবাব হবে।

গত এপ্রিলে মার্কিন প্রশাসন প্রথমবারের মতো হ্যাকিংয়ের জন্য চীনকে অভিযুক্ত করে তবে বেইজিং তা অস্বীকার করে।

বিশ্বব্যাপী মার্কিন নজরদারি ও গুপ্তচরবৃত্তির ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর যখন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তখন এ হুমকি দিল আমেরিকা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন মার্কিন গুপ্তচরবৃত্তির এ গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন।