৩ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ায় হামলা নয়: বান কি মুন

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, একমাত্র নিরাপত্তা পরিষদ সিরিয়ায় হামলার অনুমোদন দিতে পারে।

বার্তা সংস্থা আবনা : জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, একমাত্র নিরাপত্তা পরিষদ সিরিয়ায় হামলার অনুমোদন দিতে পারে। কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে আমেরিকা যখন দামেস্কের বিরুদ্ধে হামলার  পাঁয়তারা করছে তখন এ কথা বললেন বান কি মুন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় মুন বলেন, আমি বারবার বলেছি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব রয়েছে নিরাপত্তা পরিষদের।

তিনি আরো বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র আত্মরক্ষার জন্য কিংবা নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়েই কেবল শক্তি প্রয়োগ আইনসংগত হতে পারে।

জাতিসংঘ মহাসচিব সিরিয়া সংকটের সামরিকীকরণের বিরোধিতা করে রাজনৈতিকভাবে এ সংকট নিরসনের আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়ায় সেনা অভিযান চালানো হলে তাতে এ আরব দেশটিতে গোলযোগ এবং রক্তক্ষয় আরো বাড়বে।