৬ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
হামলা হলে সিরিয়াকে সহায়তা করবে রাশিয়া: পুতিন

সিরিয়ার বিরুদ্ধে বাইরের শক্তির হামলা হলে দেশটিকে সহায়তা করবে রাশিয়া। এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার বিরুদ্ধে বাইরের শক্তির হামলা হলে দেশটিকে সহায়তা করবে রাশিয়া। এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেন্ট পিটার্সবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকা এবং আরো কিছু দেশ যদি সিরিয়ায় সামরিক হামলা চালায় তাহলে তারা আইন ভঙ্গ করবে। সম্প্রতি রাসায়নিক হামলা নিয়ে যে কথা বলা হচ্ছে সে প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, সিরিয়ার বিদ্রোহীদের উস্কানি দেয়ার অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।

পুতিন বলেন, “একমাত্র আত্মরক্ষার জন্যই অন্য কোনো সার্বভৌম দেশের বিরুদ্ধে সামরিক হামলা চালানো যায় কিন্তু আমরা এ পর্যন্ত জানি যে, আমেরিকার ওপর হামলা চালায়নি সিরিয়া। এছাড়া, জাতিসংঘও সামরিক অভিযানের অনুমতি দেয়নি।”

এ মুহূর্তে বিশ্ব অর্থনীতি এমন অবস্থায় নেই যে, নতুন করে কোনো যুদ্ধের চাপ সহ্য করবে বরং সামরিক হামলা হলে তাতে হিতে বিপরীত হবে বলেও রুশ প্রেসিডেন্ট সতর্ক করেন।