৮ সেপ্টেম্বর ২০১৩ - ১৯:৩০
১৮ সেপ্টেম্বরের আগেই সিরিয়ায় মার্কিন হামলা!

জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রকাশের আগেই সিরিয়ায় সামরিক আগ্রাসন চালাতে পারে আমেরিকা।

বার্তা সংস্থা আবনা : জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রতিবেদন প্রকাশের আগেই সিরিয়ায় সামরিক আগ্রাসন চালাতে পারে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  জন কেরি এ কথা জানিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন কেরি।

তিনি জানান, প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তবে বর্তমান অবস্থায় যেকোনো ব্যবস্থা নেয়ার পথ খোলা রয়েছে।

কেরি বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে রয়েছেন। সিরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য সঙ্গী যোগাড় করতে এবং ইউরোপের দেশগুলোর সমর্থন পাওয়ার জন্য জন কেরি যে কূটনৈতিক সফরে বের হয়েছেন লন্ডন হচ্ছে তার শেষ গন্তব্যস্থল।

কেরি জানান, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ৯ সেপ্টেম্বর তার নিজের চূড়ান্ত বৈঠক হওয়ার পর যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন। তিনি জানান, ১৮ সেপ্টেম্বরের আগেই সিরিয়ায় তার দেশ হামলা চালাতে পারে।

এদিকে, ওহিও থেকে নির্বাচিত একজন কংগ্রেস সদস্য বলেছেন, দিন যত যাচ্ছে ওবামার যুদ্ধ-প্রস্তাব পাসের সম্ভাবনা ততই দুর্বল হচ্ছে। তিনি জানান কংগ্রেসের ৪৩৩ জন সদস্যের মধ্যে ২২৪ জন হামলার বিরোধী। এছাড়া, শতকরা ৬০ থেকে ৬৫ ভাগ মার্কিন নাগরিক যুদ্ধের বিরুদ্ধে।